প্রিন্ট এর তারিখ : ১৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
রাহুল গান্ধীর তোপে মোদি ও মমতা: মালদহের জনসভায় তীব্র আক্রমণ
ঢাকা নিউজ ডেস্ক ||
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়ে মালদহ, রায়গঞ্জ ও মুর্শিদাবাদে পরপর তিনটি জনসভা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার আয়োজিত এসব সভায় তিনি একই সঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, দেশের নেতৃত্ব বর্তমানে বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে এবং ভারতের সার্বভৌমত্ব আজ সংকটের মুখে। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বিদেশি নেতৃত্বের প্রভাবে দেশের নীতি নির্ধারিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে।একই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে রাহুল বলেন, বাংলায় বর্তমানে দুর্নীতি, বেকারত্ব এবং শিল্পহীনতা চরমে পৌঁছেছে। তিনি সারদা ও রোজভ্যালি কেলেঙ্কারির কথা উল্লেখ করে দাবি করেন, সাধারণ মানুষ এখনো তাদের টাকা ফেরত পাননি। এছাড়া রাজ্যে একটি ‘সিন্ডিকেট সংস্কৃতি’ গড়ে উঠেছে বলে তিনি অভিযোগ তোলেন।রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা ইস্যুতে আরজি কর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে বিভাজনের রাজনীতি এবং সংবিধানের ওপর আঘাত হানার অভিযোগ আনেন তিনি। তার দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।রাহুল গান্ধী মন্তব্য করেন যে, বাংলার মানুষ বর্তমানে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল—এই দুপক্ষের যাঁতাকলে পিষ্ট হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কংগ্রেসই একমাত্র বিকল্প বলে তিনি জনসভায় দাবি করেন। ভোটের আগে রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক প্রচার রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ