প্রিন্ট এর তারিখ : ১৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
ছত্রিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত ১১, আশঙ্কাজনক আরও অনেকে
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারতের ছত্রিশগড় রাজ্যের শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের একটি বয়লার টিউবে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২২ জন কর্মচারী, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে চার শ্রমিকের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন প্রাণ হারান। পুলিশের আশঙ্কা, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ হিসেবে অভিহিত করে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।এদিকে বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ দাবি করেছে যে, ক্ষতিগ্রস্ত বয়লার রুমটি সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ওই ইউনিটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা। তবে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ