প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
ইরানকে অস্ত্র সরবরাহ না করতে শি জিনপিংকে ট্রাম্পের বিশেষ চিঠি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের কাছে উন্নত সমরাস্ত্র সরবরাহ না করার অনুরোধ জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চীন ইরানকে বিভিন্নভাবে সামরিক সহায়তা দিচ্ছে এমন খবরের ভিত্তিতে তিনি সরাসরি শি জিনপিংয়ের কাছে এই আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে সামরিকভাবে শক্তিশালী হওয়া থেকে বিরত রাখতেই ওয়াশিংটনের এই পদক্ষেপ।প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একটি ফিরতি বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, শি জিনপিং তাঁর চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে চীন বর্তমানে ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছে না। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চীন কর্তৃক ইরানকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পাঠানোর প্রস্তুতির খবর দিলেও বেইজিং আনুষ্ঠানিকভাবে সেই অভিযোগ নাকচ করে দিল।সাক্ষাৎকারে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে চীনা অস্ত্রের উপস্থিতি দেখা যাচ্ছে এবং ইরানের ক্ষেত্রেও তেমনটি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দুই পরাশক্তির এই যোগাযোগ ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার মার্কিন প্রচেষ্টারই অংশ। চীনের এই আশ্বাসের পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ