প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
অর্থনৈতিক সংকট মোকাবিলায় পাকিস্তানকে ৩০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব
ঢাকা নিউজ ডেস্ক ||
তীব্র অর্থনৈতিক চাপের মুখে থাকা পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করতে ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশ নিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। এই বিশাল অংকের অর্থ সরাসরি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হবে, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পেমেন্ট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সৌদি আরব ইতিপূর্বেই পাকিস্তানের কাছে রাখা তাদের ৫ বিলিয়ন ডলার আমানতের মেয়াদ বাড়িয়েছে। নতুন এই ৩ বিলিয়ন ডলার যুক্ত হওয়ার ফলে পাকিস্তানের অর্থনীতিতে সৌদি আরবের মোট জমার পরিমাণ দাঁড়ালো ৮ বিলিয়ন ডলারে। বর্তমানে পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরাতকে ৩.৫ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে এবং আইএমএফ-এর লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারে উন্নীত করার চ্যালেঞ্জ রয়েছে। এই সংকটময় মুহূর্তে সৌদি আরবের এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটি ‘লাইফলাইন’ হিসেবে বিবেচিত হচ্ছে।পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে পরিকল্পিতভাবে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে ১.৪ বিলিয়ন ডলারের ইউরোবন্ড পরিশোধ করা হয়েছে। এছাড়া আইএমএফ-এর ঋণ কর্মসূচির আওতায় পরবর্তী কিস্তির ১.২ বিলিয়ন ডলারও দ্রুত পাওয়ার আশা করছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যেও করাচি বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পাওয়াকে অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।পাকিস্তান ও সৌদি আরবের এই গভীর সম্পর্ক কেবল অর্থনীতিতে নয়, বরং কৌশলগত এবং সামরিক দিক থেকেও অত্যন্ত জোরালো। সম্প্রতি ইরানের হামলার পর সৌদি আরবের জ্বালানি অবকাঠামো রক্ষায় পাকিস্তান যুদ্ধবিমান পাঠিয়ে সহায়তা করেছিল। দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবেই সৌদি আরব আবারও সংকটের সময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ