প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা: দুধ দিয়ে প্রকাশ্যে গোসল যুবকের
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
অনলাইন জুয়ার নেশায় পড়ে সবকিছু হারিয়ে অবশেষে জনসমক্ষে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ সময় জাহিদুল ভবিষ্যতে আর কখনও জুয়া না খেলার প্রতিজ্ঞা করেন, যার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।জাহিদুল ইসলাম উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এই মরণনেশার কারণে তাঁর জমানো সব টাকা শেষ হওয়ার পাশাপাশি পারিবারিক ও আর্থিক অবস্থা চরম সংকটের মুখে পড়ে। নিজের ভুল বুঝতে পেরে তিনি প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার শপথ নেন।ভিডিওতে জাহিদুলকে বলতে শোনা যায়, জুয়া খেলতে গিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং নিঃস্ব হয়ে পড়েছেন। সমাজ ও পরিবারের কাছে নিজের ভুল স্বীকার করতেই তিনি এমন পথ বেছে নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জাহিদুলের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং তিনি যেন সঠিক পথে থাকতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। একইসঙ্গে এলাকায় অনলাইন জুয়ার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানিয়েছেন, জুয়া একটি সম্পূর্ণ অবৈধ কাজ এবং এর বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কেউ এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জাহিদুলের এই ঘটনাটি সমাজের অন্যান্য আসক্ত যুবকদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ