প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে ইরানের নজরদারি
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান চীনের একটি শক্তিশালী গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ফাঁস হওয়া নথির বরাতে দাবি করা হয়েছে, ২০২৪ সালের শেষের দিকে 'টিইই' (TEE) নামক এই স্যাটেলাইটটি গোপনে অধিগ্রহণ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান 'আর্থ আই' এই স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করেছে। চুক্তির অংশ হিসেবে আইআরজিসি চীনের 'এমপোস্যাট' নামক প্রতিষ্ঠানের বৈশ্বিক গ্রাউন্ড স্টেশন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পায়। গত মার্চ মাসে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং ইরাকের এরবিল বিমানবন্দরে ড্রোন ও মিসাইল হামলার আগে ও পরে এই স্যাটেলাইট দিয়ে ছবি তোলা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।তবে চীন সরকার এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন গুজব’ বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চীনের নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসও এই দাবিকে ‘অনুমাননির্ভর’ বলে অভিহিত করেছে।অন্যদিকে, হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য না করলেও গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তার দিকে ইঙ্গিত করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, চীন যদি ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে তাদের ‘বড় ধরনের সমস্যায়’ পড়তে হবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের জবাবে ইরান যে পালটা হামলা চালিয়েছিল, তাতে এই স্যাটেলাইটের গোয়েন্দা তথ্য বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ