উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায় শুরু করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি এবার তেলেঙ্গানার শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন। ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে বিজয়ের বাবার জন্মস্থান তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।সম্প্রতি রাশমিকাকে সঙ্গে নিয়ে ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয় দেবেরাকোন্ডা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত ১৮০ জন কঠোর পরিশ্রমী শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করেন। একটি আবেগঘন পোস্টে বিজয় জানান, গত ফেব্রুয়ারিতে তারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পুরস্কৃত করার যে স্বপ্ন দেখেছিলেন, এটি তারই বাস্তবায়ন। গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় বলেন, এই বৃত্তির পরিমাণ ছোট হতে পারে, তবে এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাকে উদযাপন করতে চান। নিজের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আরও দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নের কথাও ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও। তিনি জানান, ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে তারা এই ইতিবাচক সূচনাটি বিজয়ের বাবার গ্রাম থেকেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্ঠানে নিজেকে ‘রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা’ হিসেবে এক নতুন পরিচয়ে হাজির করে তিনি এই উদ্যোগ নিয়ে নিজের ভীষণ উচ্ছ্বসিত হওয়ার কথা জানান।বাস্তব জীবনের পাশাপাশি এই জুটিকে খুব শিগগিরিই রূপালি পর্দায়ও একসঙ্গে দেখা যাবে। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে আবারও জুটি বাঁধবেন তারা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছিলেন বিজয় ও রাশমিকা।