জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, আইভীর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ প্রদান করবেন। এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।পরবর্তীতে আইভীকে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে গ্রেফতার দেখানো হয়। ইতিপূর্বে পাঁচটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত হয়ে যায়। এরপর গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় জামিন দেওয়া হলেও পুনরায় তা স্থগিত হয়।সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সংশ্লিষ্ট আদালত গত ২ মার্চ এবং ১২ এপ্রিল পৃথক আদেশে সেই গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছিলেন। আজ এই দুটি মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেন।