সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৮ শতাংশ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৩০ এপ্রিল) দেশটির সরকারি সংস্থা ‘ইউএই ফুয়েল প্রাইস কমিটি’ এক বিবৃতিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। ১ মে থেকে কার্যকর হতে যাওয়া নতুন এই সিদ্ধান্তে আমিরাতে প্রচলিত তিন ব্র্যান্ডের পেট্রোলের দামই বাড়ানো হয়েছে।বিবৃতি অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ‘সুপার ৯৮’ বিক্রি হবে ৩ দশমিক ৬৬ দিরহামে, যার আগের দাম ছিল ৩ দশমিক ৩৯ দিরহাম। একইভাবে ‘স্পেশাল ৯৫’ প্রতি লিটার ৩ দশমিক ৫৫ দিরহাম এবং ‘ই-প্লাস ৯১’ প্রতি লিটার ৩ দশমিক ৪৮ দিরহাম নির্ধারণ করা হয়েছে। শতাংশের হিসেবে তিনটি ব্র্যান্ডেরই দাম ৮ শতাংশ বেড়েছে।তবে পেট্রোলের দাম বাড়লেও সাধারণ মানুষের স্বস্তির জন্য ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আমিরাত সরকার নিয়মিত বাজার পর্যালোচনার অংশ হিসেবে এই নতুন দাম নির্ধারণ করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিতিশীলতার মধ্যে আমিরাত সরকারের এই ঘোষণা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।