আইসিসির সর্বশেষ বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নতুন প্রকাশিত তালিকায় পাকিস্তানকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে টাইগ্রেসরা। নারীদের ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়া তাদের শীর্ষস্থান ধরে রাখলেও শীর্ষ ছয়ের বাকি অবস্থানে থাকা ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রাখলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে টপকে প্রোটিয়ারা উপরে ওঠায় ভারত এখন তৃতীয় এবং ইংল্যান্ড চতুর্থ স্থানে নেমে গেছে। নিউজিল্যান্ড পঞ্চম স্থানে অবস্থান করছে। আগের সিরিজের ফলাফল র্যাঙ্কিং থেকে বাদ পড়ায় ইংল্যান্ডের অবস্থানে এই অবনমন ঘটেছে বলে জানিয়েছে আইসিসি।টেস্ট র্যাঙ্কিংয়ের নিচের দিকে পাকিস্তান উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছে এবং শ্রীলঙ্কা সপ্তম স্থানে নেমে গেছে। তবে পর্যাপ্ত ম্যাচ না খেলতে পারায় আয়ারল্যান্ড টেস্ট র্যাঙ্কিং তালিকা থেকে বাদ পড়েছে। আইসিসি জানিয়েছে, পুরুষ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন র্যাঙ্কিং আগামী ৫ ও ৭ মে প্রকাশ করা হবে।